স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে ঘিরে মাদক ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ নগরী গড়ে তোলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন খুলনা সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক জিয়াউর রহমান খান আপন।
একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে দেওয়া বক্তব্যে জিয়াউর রহমান খান আপন বলেন, খুলনা একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক নগরী। অথচ দীর্ঘদিন ধরে নগরবাসী কর্মসংস্থানের সংকট, জলাবদ্ধতা, সুপেয় পানির অভাবসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যার পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
তিনি বলেন, মাদক ব্যবসা ও মাদকাসক্তি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন।
১৫ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়কের দুর্ভোগ খুলনাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পের দীর্ঘসূত্রতার কথা তুলে ধরেন বিএনপি নেতা জিয়াউর রহমান খান আপন। তাঁর অভিযোগ, জনগুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়নকাজ দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ঝুলে রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, কাজের ধীরগতি ও সমন্বয়হীনতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
সড়কটির বেহাল অবস্থায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের। শুষ্ক মৌসুমে ধুলাবালির প্রকোপ এবং বর্ষায় কাদা ও খানাখন্দের কারণে চলাচল কঠিন হয়ে পড়ে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।
দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলতে থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজ বছরের পর বছর ঝুলে থাকা দুঃখজনক। প্রকল্পটির অগ্রগতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
জিয়াউর রহমান খান আপন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যকর হস্তক্ষেপে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ গতি পাবে। দ্রুত কাজ শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন নগরবাসী এবং সড়কটি দিয়ে যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।
আধুনিক ও বাসযোগ্য খুলনা গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে খুলনার মানুষের দীর্ঘদিনের দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার প্রত্যাশা জানিয়ে সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক বলেন, শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, উন্নত যোগাযোগব্যবস্থা এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের মাধ্যমে খুলনাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে।
এ জন্য সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও অপরাধমুক্ত নিরাপদ খুলনা গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের সাফল্য কামনা করে জিয়াউর রহমান খান আপন নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, নাগরিক দুর্ভোগ নিরসন এবং খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

