ন্যাশনাল ডেস্ক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর ঢাকায় গত দুই মাসের অভিজ্ঞতা ও কার্যক্রম সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন দীনেশ ত্রিবেদী।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্ব পায়। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।
এ ছাড়া ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ জানানো হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ পর্যায়ে নিয়ে যেতে পারস্পরিক আস্থা ও সহযোগিতার উপযোগী পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

