ন্যাশনাল ডেস্ক:
বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অর্থনীতিতে আরও বিদেশি বিনিয়োগ আনতে সরকার আগ্রহী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আট সদস্যের অ্যামচেম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা জানান, প্রায় দুই মাস আগে অ্যামচেমের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। নতুন নেতৃত্ব বাংলাদেশে মার্কিন বিনিয়োগের পরিমাণ বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে।
প্রতিনিধিদের বক্তব্যের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্ভাবনাময় একটি পরিবেশ তৈরি করেছে। বিদেশি উদ্যোক্তারা যাতে স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে নতুন মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

