রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় কিশোরগঞ্জে বাইসাইকেল পেল ১৪ শিশু

কিশোরগঞ্জ প্রতিনিধি

শিশুদের মসজিদমুখী করা এবং নিয়মিত জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের পশ্চিম মসূয়া গ্রামের প্রবাসী ও স্থানীয় যুবকরা। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ের শর্ত পূরণ করায় ১৪ শিশুকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এ ছাড়া আরও পাঁচ শিশুকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে টেবিল লাইট।

শুক্রবার বিকেলে পশ্চিম মসূয়া বাইতুল আকসা জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ থেকে ১২ বছর বয়সী শিশুদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

শিমুহা আব্দুল মাজিদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসূয়া ইউনিয়ন জামায়াতের আমির ও নূর হুসাইল আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম।

বাইতুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তানযীল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মসূয়া উমর বিন খাত্তাব (রা.) জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল ইসলাম তিতাস, আছিমুন্নেছা ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট সালাফিয়্যাহ কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা রাকিবুল হাসান এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক মো. আল-আমিন হুসাইন। এ সময় স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ উদ্যোগের মূল লক্ষ্য শুধু শিশুদের পুরস্কৃত করা নয়; বরং ছোটবেলা থেকেই তাদের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং মসজিদের সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি করা। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ের কর্মসূচি শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি নিয়মিত মসজিদে আসার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করেছে।

এলাকাবাসী মনে করেন, শিশুদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে প্রবাসে থেকেও এলাকার শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে প্রবাসীদের সহযোগিতা প্রশংসনীয়।

স্থানীয়রা আশা করছেন, পশ্চিম মসূয়া গ্রামের এ উদ্যোগ দেশের অন্যান্য এলাকার মসজিদগুলোর জন্যও অনুকরণীয় হতে পারে। তাদের মতে, পুরস্কার পাওয়ার আনন্দের মধ্য দিয়ে শিশুদের মধ্যে নামাজের প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে, তা ভবিষ্যতে তাদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581