নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা বিভাগে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিমূলক অভিযানে ১৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় এবং বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের নয়টি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, শাকসবজি, মুরগি ও ডিমের বাজার তদারকি করা হয়। এ সময় পণ্যের দাম ও ক্রয় ভাউচার যাচাইয়ের পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে খুলনা মহানগরীর নিরালা এলাকায় অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের দায়ে রূপকথা রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা এবং নিরালা সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক দুটি অভিযানে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।
মাগুরার সদর উপজেলার পরানন্দুয়ালী বাজারে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার দায়ে মেসার্স সুরুচি আইসক্রিমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের অভিযানে রুনা ঢাকা বেকারিকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় ৫ হাজার টাকা এবং বন্ধুমহল রেস্টুরেন্ট ও সুইটস ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের দায়ে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ তিন প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করায় শ্রীদুর্গা অয়েল মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোরের সদর উপজেলার রূপদিয়া ও বিসিক বাজার এলাকায় পরিচালিত অভিযানে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় পুষ্পিতা ফার্মেসিকে ১ হাজার টাকা এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মেশানোর দায়ে আলভি ফুড প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা সদর বাজারে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে ঢাকা বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইল সদর উপজেলার টার্মিনাল বাজারে খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মেশানো ও ওজনে কারচুপির দায়ে মেসার্স মাহমুদা ফুডকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওজনে কারচুপির দায়ে মেসার্স পদ্মা বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা এবং মেসার্স আল-আমীন বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ তিন প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর বাজারে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের দায়ে আলিফ ফুড প্রোডাক্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম, সহকারী পরিচালক দিনারা জামান এবং সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের সহকারী পরিচালকেরা।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

