নিজেস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ট্রেড লাইসেন্স শাখার ৩৪ লাখ ২১ হাজার ১১৮ টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন কেসিসির লাইসেন্স পরিদর্শক মো. হাবিবুর রহমান (৪৩), সাময়িক বরখাস্ত হওয়া সিনিয়র লাইসেন্স অফিসার ফারুখ হোসেন তালুকদার (৫৫) এবং হিসাব বিভাগের ক্যাশিয়ার সঞ্জীব কুমার সাহা (৩৯)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কেসিসির ট্রেড লাইসেন্স (বাণিজ্য) শাখার উত্তোলিত ৩৪ লাখ ২১ হাজার ১১৮ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে লাইসেন্স পরিদর্শক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। পরে সিটি করপোরেশন কর্তৃপক্ষের অডিট ও তদন্তে বিষয়টি প্রমাণিত হলে ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে তিনি আত্মসাৎ করা অর্থ ফেরত দেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সিনিয়র লাইসেন্স অফিসার হিসেবে লাইসেন্স পরিদর্শকদের তদারকির দায়িত্বে ছিলেন ফারুখ হোসেন তালুকদার। তবে তিনি যথাযথভাবে দায়িত্ব পালন না করে অবহেলার পরিচয় দেন বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, হিসাব বিভাগের ক্যাশিয়ার সঞ্জীব কুমার সাহার বিরুদ্ধে রাজস্ব হিসেবে উত্তোলিত অর্থ ক্যাশে জমা নেওয়ার সময় সঠিকভাবে হিসাব না করা এবং পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের বিস্তারিত তথ্য উদ্ঘাটন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

