ন্যাশনাল ডেস্ক
রাজধানীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার অভিযানে ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট-সংলগ্ন এলাকা থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং পুলিশের ছয় প্লাটুন সদস্য অভিযানে অংশ নেন। এ সময় পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে উচ্ছেদ করা দোকানের মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান চলাকালে সরেজমিনে উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর রাস্তা ও ফুটপাত পরিষ্কার এবং দখলমুক্ত রাখা হচ্ছে। হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। হকাররা কেবল নির্ধারিত স্থানেই বসতে পারবেন।
তিনি বলেন, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা পরিষ্কার রাখা হবে। মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।
হকারদের সতর্ক করার বিষয়ে আবদুস সালাম বলেন, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে বিভিন্ন মাধ্যমে সতর্ক করা হয়েছে। হকার সংগঠনের নেতাদের সঙ্গেও একাধিকবার বৈঠক হয়েছে। এরপরও উচ্ছেদের পর অনেকে আবার একই জায়গায় বসে পড়ছেন। এ অবস্থায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প নেই।
তিনি আরও বলেন, নিয়ম অমান্য করে ফুটপাত বা রাস্তা দখল করলে মালামাল জব্দ করা হবে। প্রয়োজনে গ্রেপ্তারও করা হবে। দখলমুক্ত রাখার এ অভিযান চলমান থাকবে।
অভিযান পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. আমিনুল ইসলাম।
ডিএসসিসি জানিয়েছে, পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

