রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খুলনা বিভাগ

সাত দফা দাবিতে ১১ দলের লংমার্চ ৩১ অক্টোবর, খুলনায় ব্যাপক প্রস্তুতি

খুলনা প্রতিনিধি

গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য জোট। এ কর্মসূচি ঘিরে খুলনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। লংমার্চ উপলক্ষে খুলনার ঐতিহাসিক বাবরী চত্বর (শিববাড়ী মোড়) ও ফুলতলা বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১৭টি উপকমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করবেন ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, এমপি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত দফা দাবিতে আয়োজিত এ লংমার্চে দুটি জনসভা ও ছয়টি পথসভা অনুষ্ঠিত হবে। খুলনায় কর্মসূচি সফল করতে প্রচার-প্রচারণা, জনসমাগম, নিরাপত্তা, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা ও যানবাহন পার্কিংসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

জোটের সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ।

অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকা থেকে লংমার্চের গাড়িবহর খুলনায় আসবে। এতে এক হাজারের বেশি পাজেরো, হাইয়েস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন যুক্ত থাকবে। ৩১ অক্টোবর বেলা ১১টার মধ্যে গাড়িবহরটি খুলনার বাবরী চত্বরের পথসভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি বলেন, লংমার্চের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এ জন্য পোস্টার, হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড তৈরি করা হয়েছে। খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০টি তোরণ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব স্থানের মধ্যে রয়েছে কুদির বটতলা, রূপসা সেতু, জিরো পয়েন্ট, খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা, গল্লামারী, ময়লাপোতা মোড়, জোড়াগেট, বৈকালী, নতুন রাস্তা, দৌলতপুর, ফুলবাড়িগেট, শিরোমণি, অফিস গেট ও ফুলতলা থানা এলাকা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, লংমার্চকে স্বাগত জানাতে খুলনার প্রবেশপথ থেকে ফুলবাড়িগেট পর্যন্ত ১৭টি পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান নেবেন। শিববাড়ী মোড় ও আশপাশের এলাকায় ২০০টি মাইকের হর্ন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ১০০টি বড় বিলবোর্ড, সাড়ে ১৩ হাজার প্যানা, প্রায় তিন লাখ লিফলেট ও দুই হাজার ফেস্টুন প্রস্তুত করা হয়েছে।

শিববাড়ী মোড়ের পথসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পথসভাটি জনসভায় রূপ নেবে।

কর্মসূচির ব্যবস্থাপনা সম্পর্কে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, মূল পথসভাস্থলে ৪৫ ফুট বাই ২৪ ফুট আয়তনের একটি মঞ্চ নির্মাণ করা হবে। সমাবেশস্থলে শৃঙ্খলা বজায় রাখা এবং আগত মানুষের সহযোগিতায় ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।

যানজট এড়ানো ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। লংমার্চে অংশ নেওয়া যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করতে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলন থেকে লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ১১ দলীয় ঐক্য জোটের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর আহ্বায়ক আহম্মদ হামিম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতি শরীফ সাইদুর রহমান, লেবার পার্টির সভাপতি অধ্যক্ষ মো. সাইফুদ্দোহা, বিডিপির মহানগর সভাপতি অ্যাডভোকেট মো. হানিফ উদ্দিন এবং জাগপার সভাপতি খান মো. রাশেদসহ বিভিন্ন দলের নেতারা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581