নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে নগরীর ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়িবহরের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লংমার্চকে স্বাগত জানাতে জড়ো হওয়া নারী-পুরুষের মধ্যে ছুটোছুটি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়িবহর খুলনার শিববাড়ী থেকে ফুলতলার দিকে যাওয়ার পথে ফুলবাড়ীগেট এলাকায় পৌঁছানোর আগেই হেলমেট পরা কয়েক ব্যক্তি পরপর চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণের পরপরই তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় আশপাশে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন।
এর আগে ফুলবাড়ীগেট এলাকায় লংমার্চকে স্বাগত জানাতে নির্মিত একটি তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই এলাকায় পরপর এসব ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ককটেল নিক্ষেপের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খানজাহান আলী থানা শাখার সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ ককটেল বিস্ফোরণের ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার পরপরই খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

