ন্যাশনাল ডেস্ক:
বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনায় নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে সব ধরনের আলোকিত বিলবোর্ড। বন্ধ রাখতে হবে অপ্রয়োজনীয় আলোকসজ্জাও।
বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শপিং মল, মার্কেট ও দোকানগুলো প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। নির্দেশনাটি ১২ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।
এর আগে গত ১১ জুনের নির্দেশনায় এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হলো।
শুধু দোকানপাট নয়, দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও একই সময়সীমা কার্যকর হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যেই শেষ করতে হবে।
বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার পাশাপাশি বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় আলোকসজ্জাও সম্পূর্ণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে জনসাধারণের জরুরি প্রয়োজন বিবেচনায় খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট জরুরি সেবাগুলো এ সময়সীমার আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা স্মারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারের নতুন নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে রাতের বেলায় ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন আয়োজনের সময়সূচিতে পরিবর্তন আসছে। একই সঙ্গে বিদ্যুতের চাহিদা নিয়ন্ত্রণ ও সাশ্রয়ের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থাপনায় চাপ কমানোর লক্ষ্য নিয়েই সময়সীমা কমানো হয়েছে।

