খুলনা ব্যুরো:
খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
একই সময়ে নতুন করে আরও ৮১ জন ডেঙ্গু রোগী বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২ আগস্ট) খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তরের প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বাগেরহাটে সর্বোচ্চ ৩৫ জন রয়েছেন। এছাড়া খুলনা জেলায় ২১ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, যশোরে ১২ জন, মাগুরায় ২ জন, মেহেরপুরে ২ জন, নড়াইলে ১ জন এবং সাতক্ষীরায় ১ জন ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ১৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ৯৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ২৪ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরে খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং বাগেরহাটে ১ জন মারা গেছেন।
ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া, পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার গ্রহণ এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

