নিজেস্ব প্রতিবেদক খুলনা:
পেশাগত দায়িত্ব পালনের সময় ৭১ টেলিভিশনের খুলনা প্রতিনিধি রাজু হাওলাদারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে খুলনার বয়রা বিআইডব্লিউটিএ ড্রেজার বেইজ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি।
রোববার (১৬ আগস্ট) সকালে বয়রা এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক রাজু হাওলাদার। এ সময় নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সংবাদ সংগ্রহে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটিকে সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা হিসেবে দেখছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি। সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তাদের কাছ থেকে সাংবাদিকদের সঙ্গে দায়িত্বশীল ও পেশাদার আচরণ প্রত্যাশিত।
রোববার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজলসহ নেতৃবৃন্দ এ ঘটনার প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ, যাচাই এবং অনিয়ম-অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করেন। দায়িত্ব পালনরত কোনো সাংবাদিককে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো কিংবা অসৌজন্যমূলক আচরণ করা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।
নেতৃবৃন্দ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ ও বাধাহীন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
তবে অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

