বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
আন্তর্জাতিক

একতরফা শুল্কনীতির সমালোচনা, বহুপাক্ষিক সংস্কারের আহ্বান ব্রিকসের

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসের ১৮তম সম্মেলনে সর্বসম্মতিক্রমে ‘নয়াদিল্লি ঘোষণা-২০২৬’ গ্রহণ করেছেন জোটের নেতারা। ঘোষণায় কোনো দেশের নাম উল্লেখ না করে একতরফা শুল্কনীতি ও বাণিজ্যিক বিধিনিষেধের সমালোচনা করা হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যে ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কারের আহ্বান জানানো হয়েছে।

শনিবার সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বসম্মত ঘোষণাটি উপস্থাপন করেন। এতে ‘একতরফা যুদ্ধমূলক কর্মকাণ্ড’ প্রত্যাখ্যানের পাশাপাশি পশ্চিম এশিয়ায় চলমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং স্থায়ী শান্তির লক্ষ্যে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।

ব্রিকস নেতারা বিশ্ব বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন। গাজায় যুদ্ধবিরতি মেনে চলা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন এবং ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে জোটটি।

সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, দুই দশকে ব্রিকস আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে এবং এখন জোটটি আরও পরিণত হওয়ার পর্যায়ে রয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও পরস্পরের দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান দেখিয়ে ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ব্রিকসের ঘোষণায় অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধেও অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট দেশের উন্নয়ন, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য ও মানবাধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ জানানো হয়। আন্তর্জাতিক সংঘাতের সমাধানে কূটনীতি ও আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।

নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর মোদির

সম্মেলনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি আরও জোরালোভাবে তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কারে আর দেরি করা উচিত নয়। দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি জানিয়ে আসছে ভারত।

সম্মেলনের প্রথম দিন ব্রিকসের আলোচনায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর প্রতিনিধিত্বের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। মোদি বলেন, বিশ্বের বিভিন্ন সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো। অথচ আন্তর্জাতিক নীতিনির্ধারণে তাদের ভূমিকা এখনো সীমিত।

আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের বর্তমান কাঠামোকে পিরামিডের সঙ্গে তুলনা করে মোদি বলেন, এর শীর্ষে থাকা কয়েকটি দেশ অধিকাংশ সিদ্ধান্ত নেয়, আর নিচের দিকে থাকা দেশগুলো সেই সিদ্ধান্তের প্রভাব বহন করে। এ ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

নয়াদিল্লির সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদসহ জোটের নেতারা অংশ নেন।

পশ্চিম এশিয়ার যুদ্ধ আন্তর্জাতিক স্বার্থের পক্ষে নয়: শি

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পক্ষে নয়।

শনিবার ব্রিকস সম্মেলনে দেওয়া বক্তব্যে শি বলেন, পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ব্রিকসের অন্য সদস্যদের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। চলমান যুদ্ধ ওই অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শি জিনপিং ব্রিকস দেশগুলোকে বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থাকে সমর্থন এবং সব ধরনের সুরক্ষাবাদ প্রত্যাখ্যানের আহ্বান জানান। পাশাপাশি সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করার কথাও বলেন তিনি।

প্রায় সাত বছর পর ভারত সফরে যাওয়া শি ব্রিকস দেশগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সহযোগিতা আরও গভীর করার প্রস্তাব দেন। নতুন প্রযুক্তির মাধ্যমে শিল্পায়নকে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

শনিবার দুপুরে নয়াদিল্লির ভারত মণ্ডপম সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ব্রিকস সম্মেলনে যোগ দেন শি। সম্মেলনের সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। পরে সন্ধ্যায় সম্মেলনের ফাঁকে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন।

নিজস্ব মুদ্রায় বাণিজ্যের প্রস্তাব ইরানের

ব্রিকস সদস্য দেশগুলোর পারস্পরিক বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহারের প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শুক্রবার ব্রিকস বিজনেস ফোরামে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিশ্ব বর্তমানে জটিল সময় ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে জোটের সদস্য দেশগুলোর পারস্পরিক বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও নিষেধাজ্ঞার সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, ব্রিকসকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে কোনো দেশ আর্থিক ব্যবস্থার ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ ব্যবহার করে অন্য দেশের বৈধ বাণিজ্যে বাধা সৃষ্টি করতে না পারে।

জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়েও আলোচনা: আনোয়ার

ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারত সফরে থাকা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের বিষয়টিও উঠে এসেছে।

শনিবার মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে আনোয়ার ইব্রাহিম বলেন, ব্যক্তিগত আলোচনায় এ ধরনের বিষয় নিয়ে কথা হয়। তবে দুই দেশের স্বার্থ রক্ষা ও পারস্পরিক আস্থা বজায় রাখতে বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মোকাবিলা করা প্রয়োজন।

জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুটা বোঝাপড়া রয়েছে। তবে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে আইনের শাসন এবং ভারত-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বকে সম্মান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493