স্টাফ রিপোর্টার:
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনকে সামনে রেখে ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. আলামিন শেখ। পেশায় ঠিকাদার আলামিন শেখ দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন।
আলামিন শেখ মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি জিয়ার সৈনিক দল সোনাডাঙ্গা থানার যুগ্ম আহ্বায়ক এবং ১৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
কাউন্সিলর প্রার্থী হিসেবে তাঁর অন্যতম অগ্রাধিকার ১৮ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করা। পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষের পাশে থেকে নাগরিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে চান তিনি।
আলামিন শেখ বলেন, “১৮ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত ও সুন্দরভাবে গড়ে তুলতে চাই। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিকভাবে সচেতনতা তৈরি করা প্রয়োজন। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ওয়ার্ডের মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, ওয়ার্ডের নাগরিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাকে তিনি গুরুত্ব দিতে চান।
আলামিন শেখের দাবি, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যাওয়া নয়; বরং পুরো মেয়াদে নাগরিকদের পাশে থেকে তাদের সমস্যা শোনা ও সমাধানে কাজ করাই জনপ্রতিনিধির মূল দায়িত্ব। সেই লক্ষ্যেই তিনি ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

