কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. সোহেল উদ্দিন নামের এক কাঁকড়া ব্যবসায়ী।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার আংটিহারা গ্রামের বাসিন্দা সোহেল উদ্দিন। এ সময় তিনি লিখিত বক্তব্যে তাঁর পাওনা টাকা ফেরত পাওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
লিখিত বক্তব্যে সোহেল উদ্দিন বলেন, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকায় মৌসুমি কাঁকড়া ব্যবসা করে আসছেন। ব্যবসার সুবাদে কাঁকড়া দেওয়ার কথা বলে কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা গ্রামের মোহর পাড়ের পুত্র ইয়াদ পাড় ও রফিকুল গাজীর পুত্র আজিজুল ইসলাম গত বছরের ২০ জুলাই তাঁর কাছ থেকে মোট ২ লাখ ৯০ হাজার টাকা নেন। এ সময় টাকা গ্রহণের প্রমাণ হিসেবে তাঁরা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেন বলেও দাবি করেন তিনি।
সোহেল উদ্দিনের অভিযোগ, টাকা নেওয়ার পর ওই দুজন কাঁকড়া ধরলেও তাঁকে কাঁকড়া না দিয়ে অন্যত্র বিক্রি করতে থাকেন। বিষয়টি জানতে পেরে তিনি পাওনা টাকা ফেরত দেওয়ার জন্য তাঁদের তাগাদা দেন। তবে তাঁরা বিভিন্নভাবে সময়ক্ষেপণ করতে থাকেন।
তিনি আরও অভিযোগ করেন, গত ৮ আগস্ট পুনরায় পাওনা টাকা চাইতে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে কয়রা থানার পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অবহিত করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
সোহেল উদ্দিনের দাবি, পাওনা টাকা পরিশোধ না করে উল্টো তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সোহেল উদ্দিন তাঁর পাওনা টাকা ফেরত পাওয়ার পাশাপাশি হুমকি, অপপ্রচার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কথিত কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ইয়াদ পাড় ও আজিজুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

