খুলনা প্রতিনিধি:
৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৮৯টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৪১ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে এক ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় গঠিত সাইবার ক্রাইম ইউনিটটি অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল ফোন উদ্ধার এবং ফেসবুক ও অনলাইন প্রতারণাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করে আসছে।
অধিনায়কের নির্দেশনায় সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), পুলিশ সুপার রামানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আলী এবং সহকারী পুলিশ সুপার মো. আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইউনিট দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন ও প্রতারণার অর্থ উদ্ধার করে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন।
এ সময় তিনি বলেন, জনসাধারণের ইতিবাচক সাড়া ও সহযোগিতা পাওয়া গেলে সাইবার অপরাধসহ বিভিন্ন ঘটনায় আরও বেশি ভুক্তভোগীকে আইনি সহায়তা দেওয়া সম্ভব হবে। অনলাইন প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি কেউ প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

