বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

দৈনিক প্রবাহ অফিসে হামলা, আহত-১

খুলনা ব্যুরো:

খুলনা নগরীতে মধ্যরাতে দৈনিক প্রবাহ পত্রিকার কার্যালয়ে ঢুকে এক কর্মীকে মারধর ও ভাঙচুরের চেষ্টা করেছে একদল সন্ত্রাসী। এ সময় হামলাকারীরা অফিসে থাকা সাংবাদিকদের খুঁজতে থাকে। সাংবাদিকদের না পেয়ে পত্রিকার পেস্টার ফয়সাল আহমেদকে (৪৯) মারধর করে তারা। যাওয়ার সময় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে নগরীর ৩ কেডিএ এভিনিউয়ের প্রবাহ ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। আহত ফয়সাল আহমেদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর সোমবার সকালে সোনাডাঙ্গা থানা পুলিশের একাধিক টিম ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ।

যেভাবে হামলা

প্রবাহ কার্যালয় সূত্রে জানা যায়, রোববার রাতে পত্রিকার নিয়মিত কাজ শেষে বার্তা বিভাগের রিপোর্টাররা অফিস থেকে চলে যান। পরে রাতের সেকশনে পত্রিকা তৈরির কাজ চলছিল। রাত ২টার কিছু পর কয়েকজন ব্যক্তি জোরপূর্বক প্রবাহ ভবনে প্রবেশের চেষ্টা করে।

এ সময় ভবনের নিচতলায় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী মো. মুসলিম তাদের বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে গালিগালাজ করা হয়। পরে তারা ভবনের পঞ্চম তলায় পত্রিকা কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের খোঁজ করতে থাকে। একপর্যায়ে অফিসের কাচের দরজা ভাঙারও চেষ্টা করা হয়।

অফিসে কোনো সাংবাদিককে না পেয়ে সেখানে কর্মরত পেস্টার ফয়সাল আহমেদকে একা পেয়ে মারধর শুরু করে হামলাকারীরা। এর আগে অফিসের বাথরুমের জানালার কাচে বাইরে থেকে ইট ছোড়া হয় বলেও জানান ফয়সাল।

‘কিছু বুঝে ওঠার আগেই মারধর’

হামলার শিকার ফয়সাল আহমেদ বলেন, তিনি রাতে অফিসে কাজ করছিলেন। হঠাৎ বাথরুমের জানালার কাচে বাইরে থেকে ইট ছোড়া হয়। কিছুক্ষণ পর পঞ্চম তলার গেটের দিকে চিৎকার শুনে তিনি সেখানে এগিয়ে গেলে হামলাকারীরা তাকে মারধর শুরু করে।

তিনি বলেন, হামলাকারীরা ওই সময় সাংবাদিকদের খুঁজছিল এবং বিভিন্ন ধরনের গালিগালাজ করছিল। একপর্যায়ে তাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়।

সিসিটিভিতে তিনজন শনাক্ত

প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান জানান, অফিসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে রবিউল ও সিজান নামে দুজনের পরিচয় জানা গেছে। অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, হামলার সময় প্রবাহ ভবনের প্রধান ফটকের বাইরে আরও পাঁচ থেকে ছয়জন ব্যক্তি অপেক্ষা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হামলার পর থেকে পত্রিকার সাংবাদিক ও কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

পুলিশের তদন্ত শুরু

ঘটনাস্থল পরিদর্শন করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গভীর রাতে একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম কার্যালয়ে হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক নেতাদের উদ্বেগ

হামলার খবর পেয়ে খুলনা প্রেসক্লাব ও সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ার, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি ও মানবজমিনের ব্যুরো প্রধান রাশিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা প্রবাহ ভবন পরিদর্শন করেন।

তারা ঘটনাটিকে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক উল্লেখ করে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মধ্যরাতে একটি সংবাদপত্র কার্যালয়ে সংঘবদ্ধভাবে প্রবেশ, কর্মীকে মারধর এবং সাংবাদিকদের খোঁজার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। এখন হামলার প্রকৃত উদ্দেশ্য এবং জড়িতদের বিরুদ্ধে পুলিশের তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপের দিকেই নজর সংশ্লিষ্টদের।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493