রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খুলনা বিভাগ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত: হুইপ বকুল

খুলনা প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করে আসছে এবং নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছে। দুর্গোৎসব এখন শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

তিনি বলেন, দুর্গোৎসবের মূল বার্তা হলো অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়। এ চেতনাকে ধারণ করে অপশক্তি, ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার রাতে খুলনা নগরীর তেলিগাতী এলাকার নেপাল আশ্রম পূজামণ্ডপে আয়োজিত বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ বকুল বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের যে বন্ধন রয়েছে, তা দীর্ঘদিনের ঐতিহ্য। এ ঐতিহ্য অক্ষুণ্ন রাখা সবার দায়িত্ব। ধর্মীয় পরিচয় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির কারণ হতে পারে না। বরং ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ মানুষকে ঐক্যবদ্ধ করে। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রত্যেক নাগরিক যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা ও উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, কোনো অপশক্তি যেন ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। দল-মত ও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

নেপাল আশ্রম পূজা কমিটির ঠাকুর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা মীর কায়সেদ আলী ও শেখ সাদী।

এ সময় উপস্থিত ছিলেন কাজী মিজানুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস, আব্দুল আজিজ সুমন, মো. মিরাজুর রহমান মিরাজ, প্রকৌশলী সত্যনন্দ, মন্দির কমিটির উপদেষ্টা অনিমেষ সরকার, দয়াল মণ্ডল, গুরুপদ সরকার, তরুণ বিশ্বাস, কৃষ্ণ মণ্ডল এবং পূজা কমিটির সাধারণ সম্পাদক সবুজ সরকার সাধুসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নেপাল আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581