খুলনা প্রতিনিধি:
খুলনায় মোটরসাইকেল চুরির মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে বটিয়াঘাটা থানার শান্তিনগর এলাকা থেকে মামলার প্রধান আসামি আকবর হোসেন মুন্না (২৬) গ্রেপ্তার হন। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার আলিপুর এলাকার মজিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি খুলনার বটিয়াঘাটা থানার দারোগাভিটা এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, আকবরের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৮টা ৫০ মিনিটে বাগেরহাট সদর থানা এলাকার নিজ বাসা থেকে রাব্বি (২০) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া বাজার-সংলগ্ন সুতাইল এলাকার রকিব নকিবের ছেলে।
পরে গ্রেপ্তার আকবরের দেখানো ও শনাক্তের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পলাতক আসামি তারিকুল ইসলাম চঞ্চলের (৩০) বাড়ি থেকে চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে একটি বাজাজ পালসার ১৫০ সিসি, একটি নীল রঙের সুজুকি জিক্সার, একটি লাল রঙের হোন্ডা লিভো এবং একটি নীল রঙের এফজেড ভার্সন ফোর।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আকবর হোসেন মুন্নার বিরুদ্ধে একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় খালিশপুর থানায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

