ন্যাশনাল ডেস্ক:
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত দোহা।
বুধবার দোহায় নিজ কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।
বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কাতারের নেতার কাছে পৌঁছে দেন খলিলুর রহমান। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের ভূমিকার প্রশংসা করেন তিনি। বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলসহ আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাতারের গঠনমূলক ভূমিকার কথাও তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। একই সঙ্গে নতুন দায়িত্ব সফলভাবে পালনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে কাতারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করেন শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান। তিনি বলেন, চলমান কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার তার সামর্থ্যের মধ্যে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনার পাশাপাশি কাতারের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান খলিলুর রহমান। আমন্ত্রণের বিষয়ে পারস্পরিক সুবিধাজনক সময় নির্ধারণের বিষয়টি গুরুত্ব পায় বৈঠকে।
পরে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

