বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু বৃহস্পতিবার, গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা

ফাইল ফুটেজ

ন্যাশনাল ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায়। সংক্ষিপ্ত এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত আলোচনা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। চলমান বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয় সংসদে আলোচনায় আসতে পারে।

এ অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাসের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বাকি থাকা সংসদীয় কমিটিগুলোর গঠনও সম্পন্ন হতে পারে।

সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গত ১১ আগস্ট সংসদের এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হতে পারে না। গত ১৫ জুলাই সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হওয়ায় আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে নতুন অধিবেশন শুরু করার বাধ্যবাধকতা ছিল।

তবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। এ কারণে নির্ধারিত সময়ের আগেই সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ অধিবেশন প্রায় ১১ কার্যদিবস চলতে পারে। অধিবেশন শেষে আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

গুরুত্বপূর্ণ কয়েকটি বিল আসছে সংসদে

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিল আকারে উত্থাপনের জন্য জাতীয় মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন ইতোমধ্যে সংসদ সচিবালয়ে জমা দেওয়া হয়েছে।

এ ছাড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন এবং র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত বাহিনী গঠনের লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনও শিগগির বিল আকারে সংসদে উত্থাপনের জন্য জমা দেওয়া হতে পারে।

সূত্রগুলো বলছে, এসব বিল উত্থাপনের পর চলতি অধিবেশনেই কয়েকটি বিল পাস হতে পারে।

বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য নিয়ে সরব হবে বিরোধী দল

বিরোধী দল সূত্রে জানা গেছে, আসন্ন অধিবেশনে বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে তারা সংসদে কথা বলবেন।

এসব বিষয়ে আলোচনার জন্য একাধিক মুলতবি প্রস্তাব আনার প্রস্তুতিও রয়েছে বিরোধী দলের।

ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান) গত অধিবেশনে সীমান্ত হত্যা ও অবৈধ পুশইন নিয়ে আলোচনার জন্য নোটিশ দিয়েছিলেন। বিষয়টি নিয়ে আলোচনার সিদ্ধান্ত হলেও বাজেট অধিবেশনে সময়স্বল্পতার কারণে তা স্থগিত করা হয়। এবার নতুন করে বিষয়টি সংসদে আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।

বাকি ৩৫ সংসদীয় কমিটি গঠনের চাপ

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদের প্রথম তিনটি অধিবেশনের মধ্যেই সব সংসদীয় কমিটি গঠনের কথা। তবে গত দুটি অধিবেশনে এখন পর্যন্ত মাত্র ১৫টি কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি ৩৯টি এবং বিষয়ভিত্তিক কমিটি ১১টি। এখন পর্যন্ত মন্ত্রণালয়সম্পর্কিত ৯টি এবং বিষয়ভিত্তিক ৬টি কমিটি গঠন করা হয়েছে। ফলে বাকি থাকা ৩৫টি কমিটি এ অধিবেশনেই গঠনের প্রয়োজন দেখা দিয়েছে।

জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী, সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে বিরোধী দলের ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ১১টিতে সভাপতির পদ পাওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত গঠিত ১৫টি কমিটির মধ্যে মাত্র একটিতে বিরোধী দল থেকে সভাপতি করা হয়েছে।

বিরোধীদলীয় উপনেতা ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। তবে বিগত কয়েকটি সংসদ থেকেই এ কমিটির সভাপতি বিরোধী দল থেকে নির্বাচিত হয়ে আসছেন।

বিরোধী দল সূত্রে জানা গেছে, গত অধিবেশনে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অন্তর্ভুক্তির শর্ত দেওয়া হয়েছিল। তবে বিরোধী দল ওই কমিটি বর্জন করায় অন্যান্য সংসদীয় কমিটির সভাপতি পদে তাদের সদস্যদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা কমে গেছে।

বৃহস্পতিবার কার্যউপদেষ্টা কমিটির বৈঠক

সংসদ অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

বৈঠকে অধিবেশনের মেয়াদকাল, কার্যসূচি, বিল, প্রশ্নোত্তর পর্ব, ৭১ বিধিসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংসদ অধিবেশনের প্রস্তুতি সম্পর্কে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অধিবেশন উপলক্ষে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। মধ্যবর্তীকালীন এ অধিবেশন সংক্ষিপ্ত হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হবে বলে আশা করা হচ্ছে। বিরোধী দল গুরুত্বপূর্ণ কোনো ইস্যু উত্থাপন করলে তা নিয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এ অধিবেশনেই সংসদীয় কমিটিগুলোর গঠন সম্পন্ন করা হবে।

সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরকদ্রব্য এবং অন্যান্য ক্ষতিকর দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে।

একই সময় থেকে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতাধীন এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকায়ও এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথও নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493