ন্যাশনাল ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুমের শিকার পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যারা জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি।
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুমের শিকার পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নই, বরং আপনারাই হচ্ছেন আমাদের শক্তি, উৎসাহ ও উদ্দীপনার উৎস।’
তারেক রহমান বলেন, নানা বাস্তবতার কারণে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবে প্রতিশ্রুতি থেকে সরকার পিছিয়ে যাবে না। নির্যাতিত পরিবারগুলোর পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করে যাবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
নিয়োগপত্র হাতে পেয়ে পরিবারের অনেক সদস্য আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেন এবং ভবিষ্যতেও সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে শহীদ ও গুমের শিকার পরিবারের সদস্যরা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

