বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

৪৮ বছর আগে যেভাবে প্রতিষ্ঠা হয়েছিল বিএনপি

ফাইল ফুটেজ

মধুমতি অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ হচ্ছে আজ ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের রাজনৈতিক ঘটনাপ্রবাহের পর জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীয় ভূমিকায় আসেন। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বিএনপির ভাষ্য অনুযায়ী, সে সময় দেশে একটি কার্যকর রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। এ পরিস্থিতিতে জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করে নতুন রাজনৈতিক দর্শন ও সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেন।

দলটির ইতিহাস অনুযায়ী, ১৯৭৬ ও ১৯৭৭ সালে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জিয়াউর রহমান ধারাবাহিকভাবে আলোচনা করেন। এসব আলোচনায় ন্যাপ (ভাসানী), বাংলাদেশ জাতীয় লীগ, ইউনাইটেড পিপলস পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, জাতীয় দল, জাতীয় গণমুক্তি ইউনিয়ন, জাতীয় জনতা পার্টি, গণআজাদী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন বলে বিএনপির দলীয় নথিতে উল্লেখ রয়েছে।

এর ধারাবাহিকতায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত হয়। দলটির প্রতিষ্ঠাকালীন ঘোষণাপত্রে জাতীয় ঐক্য, অর্থনৈতিক স্বনির্ভরতা, সার্বভৌমত্ব, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র, বিকেন্দ্রীকরণ, যুবশক্তির ব্যবহার এবং স্বাধীন পররাষ্ট্রনীতির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিএনপির প্রতিষ্ঠাকালীন রাজনৈতিক দর্শনে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’কে কেন্দ্রীয় আদর্শ হিসেবে তুলে ধরা হয়। দলটির ঘোষণাপত্রে জাতীয় ঐক্য ও অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে উৎপাদনমুখী অর্থনীতি, জনগণের রাজনৈতিক অংশগ্রহণ, সামাজিক ন্যায়বিচার এবং স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

দলটির ১৯ দফা কর্মসূচিতে জাতীয়তাবাদভিত্তিক গণঐক্য, স্থিতিশীল গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, যুবসমাজকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, স্থানীয় সরকার ও বিকেন্দ্রীকরণ এবং জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতির মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।

বিএনপির নেতাদের মতে, প্রতিষ্ঠার পর থেকেই নানা রাজনৈতিক সংকট, আন্দোলন, মামলা ও সাংগঠনিক প্রতিকূলতার মধ্য দিয়ে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। তাঁদের দাবি, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে ওঠা দলটি পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়।

জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের প্রসঙ্গে বিএনপি নেতারা তাঁকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্মরণ করেন। ২৫ মার্চের পাকিস্তানি বাহিনীর অভিযানের পর তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন বলে দলটির পক্ষ থেকে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে তিনি সেনাবাহিনীর প্রধান, রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতারা জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্র পরিচালনার ভূমিকা তুলে ধরে বলেন, তাঁর সময় কৃষি, শিল্প, অবকাঠামো, বৈদেশিক সম্পর্ক ও অর্থনীতিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। তাঁরা বাংলাদেশের পরবর্তী উন্নয়নের ধারার সঙ্গে এসব উদ্যোগের সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান রমনা রেস্তোরাঁয় এক অনারম্বর সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠার পর বিএনপি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে এবং দেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দলটির বর্তমান নেতারা বলছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করাই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493