ন্যাশনাল ডেস্ক:
মক্কা প্রতিরক্ষা চুক্তি বা ‘মক্কা প্যাক্ট’ নিয়ে বাংলাদেশের অবস্থানকে স্বাগত জানিয়েছে ইরান। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে এ চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি তেহরান ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি।
বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
মক্কা প্যাক্ট প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত বলেন, এই চুক্তি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই মুসলিম দেশগুলোর নিজেদের নিরাপত্তাব্যবস্থা নিজেদেরই গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন, মুসলিম দেশগুলোর নিরাপত্তার জন্য পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে মক্কা প্যাক্ট একটি কার্যকর কাঠামো হিসেবে কাজ করতে পারে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ তুলে ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান কেবল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে। কোনো ইসলামি বা আরব রাষ্ট্রের ওপর ইরান হামলা চালায়নি।
তিনি আরও বলেন, মুসলিম ও আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থকে তেহরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
বাংলাদেশের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

