ন্যাশনাল ডেস্ক:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আমাদের সেই মা, যিনি গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করে আমাদের ছেড়ে চলে গেছেন। সেই মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া।’
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী আইএইচটির সম্মেলন কক্ষে শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘আজকে আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি। জনগণ তাঁর হাতে দেশের দায়িত্বভার তুলে দিয়েছেন। তিনি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অনেক প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
শিক্ষার্থীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, প্রথমে নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সেই লক্ষ্যে পৌঁছাতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত হাল ছাড়া যাবে না। স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের চিকিৎসাব্যবস্থা গড়ে তুলবেন।
তিনি বলেন, রাজশাহী আইএইচটি থেকে পড়াশোনা শেষ করে অনেকে দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এশিয়ার বিভিন্ন দেশেও দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটে শিক্ষার পর স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছেন। দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
মিজানুর রহমান মিনু বলেন, ‘আমরা সেই জাতি, যারা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছি। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিকূল অবস্থার মধ্যেও স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা অস্ত্র হাতে নিয়ে হানাদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন করেছি।’
দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, এই সংকট অনেকটাই সাময়িক। মধ্যপ্রাচ্যে চলমান আগ্রাসনের কারণে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়েছে, সেটির কথাও উল্লেখ করেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, এসব প্রতিকূলতার মধ্যেও সরকার দেশ পরিচালনা করছে। সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
রাজশাহী আইএইচটি ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন।
এ ছাড়া অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. মো. মির্জা ওয়াসি পারভেজ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

