ন্যাশনাল ডেস্ক:
দেশে সারের কোনো সংকট নেই দাবি করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সার নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কৃষকদের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। একই সঙ্গে জ্বালানি সংকট নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যের সমালোচনা করেছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন শামা ওবায়েদ।
জ্বালানি সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে তেল ও গ্যাসের সংকট রয়েছে বলা হলেও ২ থেকে ৩ হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চ হচ্ছে। তাঁর প্রশ্ন, এত গাড়ি কীভাবে চলছে? একদিকে জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে, অন্যদিকে বিপুলসংখ্যক গাড়ি নিয়ে কর্মসূচি পালন করা হচ্ছে—বিষয়টি জনগণের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন।
তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন করা প্রত্যেক দলের অধিকার। তবে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে বিভ্রান্তি ছড়ানো সমীচীন নয়। কোনো দলের অভিযোগ বা দাবি থাকলে তা সংসদে উপস্থাপন করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা উচিত।
লংমার্চের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, ‘একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ হচ্ছে। গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে?’ জ্বালানি সংকটের বাস্তবতা নিয়ে জনগণের সামনে স্পষ্ট তথ্য তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।
দেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রভাব এখনো রয়েছে। গত ১৭ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা সমস্যা তৈরি হয়েছে। অনেক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও প্রয়োজন অনুযায়ী উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হয়নি। একই সঙ্গে দেশের ভূগর্ভস্থ গ্যাসের মজুত ব্যবহারের ক্ষেত্রেও যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি।
শামা ওবায়েদ বলেন, দীর্ঘদিনের এসব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। প্রয়োজনে নতুন উৎস থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে।
সারের সরবরাহ নিয়ে তিনি বলেন, দেশে সারের সংকট নেই। এ নিয়ে অপপ্রচার চালিয়ে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। কৃষকদের মধ্যে যাতে অযথা উদ্বেগ বা আতঙ্ক সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
দেশের রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলেও ষড়যন্ত্র ও অপপ্রচার এখনো পুরোপুরি বন্ধ হয়নি। জাতীয় সমস্যাগুলোকে রাজনৈতিক সংঘাতের দিকে না নিয়ে সংসদে জনগণের কথা তুলে ধরে গঠনমূলক রাজনীতির মাধ্যমে সমাধান করতে হবে।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে দেশের অবস্থান বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক, দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরার কথাও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করবেন।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে র্যালিতে অংশ নেন। পরে এম এন একাডেমি স্কুল মাঠে বৃক্ষরোপণ এবং কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জুয়েল মুন্সি সুমন, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজ শরীফ, নগরকান্দা পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

