ন্যাশনাল ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। ৯টি বৈঠকে ৬টি বিল পাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অধিবেশনটির সমাপ্তি ঘটে।
বৃহস্পতিবার অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। ৯ কার্যদিবস চলার পর বৃহস্পতিবার অধিবেশন শেষ হলো। অধিবেশনে মোট ৬টি বিল উপস্থাপিত হয় এবং সবকটি বিলই পাস হয়েছে।
আইন প্রণয়ন কার্যক্রমের পাশাপাশি অধিবেশনে ৩টি বিশেষ কমিটিসহ ৪৮টির বেশি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নোটিশও দেন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, ৬৮ বিধিতে মোট ৭টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে ২টি নোটিশ গ্রহণ করে তা নিয়ে আলোচনা হয়েছে। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গ্রহণ করা হয় এবং এর মধ্যে ১৪টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্য দেওয়ার জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। ১৪৭ বিধিতে পাওয়া ২টি নোটিশের মধ্যে ১টির ওপর আলোচনা হয়েছে। ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপিত হয়েছে।
অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সংসদ সদস্যরা মোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন।
অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীরা অধিবেশন চলাকালে মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন।
আইন প্রণয়ন, সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন, প্রশ্নোত্তর এবং বিভিন্ন নোটিশের আলোচনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম শেষ হয়।

