ন্যাশনাল ডেস্ক:
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ভোটার হলেই স্থানীয় সরকারের যেকোনো পদে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কক্ষে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। কোনো পদেই নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। ভোটার হলেই প্রার্থী হিসেবে অংশ নেওয়া যাবে।’
এদিকে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকদের এমপিওভুক্তির নীতিমালা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় সুইজারল্যান্ড। দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

