ঢাকা প্রতিনিধি:
রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে লাগা আগুন প্রায় ৪০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টা ৩৬ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফআর টাওয়ারের পাশের ২৬ তলা আহমেদ টাওয়ারের ২৩ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির একটি অফিসের এসি ও কম্পিউটার সার্ভার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের অংশে ছড়িয়ে পড়ে।
প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ঘটনাস্থলে বনানী থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

