ন্যাশনাল ডেস্ক:
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে দুর্গাপূজার নির্ধারিত ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারের বিদ্যমান ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে দুই দিন সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা থাকলেও ওই দিনটিতে নির্বাহী আদেশে ছুটি অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে।
২২ অক্টোবরের ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে।
এদিকে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে অনুদান হিসেবে হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪ কোটি টাকা চাওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাস্টের আবেদনের চেয়েও বাড়িয়ে মোট ৫ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রতিমা বিসর্জন ও উৎসবের দিনক্ষণ অনুযায়ী, এ বছর আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদীয় দুর্গোৎসব।

