ন্যাশনাল ডেস্ক:
দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না উল্লেখ করে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওলামা দল রাজশাহী জেলা ও মহানগর শাখা যৌথভাবে এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, “বাংলাদেশ আল্লাহর জমিন। দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর।” যাদের মূল কর্মকাণ্ড বা নিয়ন্ত্রণ ‘দিল্লি’ কেন্দ্রিক, তাদেরকে বাংলাদেশ ছেড়ে দিল্লিতে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।
মওদুদী প্রসঙ্গের উত্থাপন করে মন্ত্রী তাকে ‘ব্রিটিশদের তৈরি’ ও ‘ভারতের দালাল’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, মুসলমানদের মধ্যে বিভাজন তৈরির লক্ষ্যেই তাকে তৈরি করা হয়েছিল এবং বাংলাদেশের মাটিতে তার আদর্শের কোনো জায়গা হবে না।
আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় তিনি দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য আহ্বান জানান।
জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জুবায়ের।

