ন্যাশনাল ডেস্ক:
বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল এখন বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করলে তাদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকা উচিত ছিল।
তারেক রহমান বলেন, ‘বিরোধিতা আপনারা করেন, কিন্তু বিরোধিতা করতে গিয়ে যদি স্বৈরাচারকে ফিরে আসার পথ উন্মুক্ত করে দেন, তাহলে তা দেশের জন্য ভালো পরিণাম বয়ে আনবে না। এতে যেমন জুলাইয়ের শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে, একইভাবে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গেও গাদ্দারি করা হবে।’
প্রধানমন্ত্রী জানান, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিরোধী দলের নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আমন্ত্রণ পেয়েও তারা অনুষ্ঠানে অংশ নেননি।
তিনি বলেন, সরকারের সঙ্গে বিরোধী দলের দূরত্ব থাকতেই পারে। কিন্তু যেসব মানুষের জীবন উৎসর্গ, আত্মত্যাগ ও আহত হওয়ার বিনিময়ে তারা বিরোধী দলের নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো উচিত ছিল তাদের।
তারেক রহমান বলেন, ‘এই মঞ্চে বসার দরকার নেই, ঠিক আছে। সরকারের সঙ্গে আপনাদের দূরত্ব আছে, থাকুক। কিন্তু যে মানুষগুলোর জন্য আজকে আপনারা বিরোধী দলের আসনে অধিষ্ঠিত হয়েছেন, সেই মানুষগুলোর মাঝেও তো আমরা আপনাদের দেখতে পাচ্ছি না।’
তিনি আরও বলেন, বিরোধী দলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের পাশে বসলে বোঝা যেত, তারাও জুলাইয়ের চেতনাকে ধারণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের জীবনমান ও ভাগ্যের পরিবর্তনে কাজ করছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিরোধী দল সংসদে প্রতিনিধিত্ব করছে, একইভাবে জনগণের সমর্থন নিয়ে সরকার দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, বিরোধী দল মানেই শুধু জনগণের প্রতিনিধিত্ব করবে, আর সরকারি দল জনগণের স্বার্থ দেখবে না—এমন ধারণা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। রাজনীতিতে দোষারোপের সংস্কৃতি পরিহার করে জনগণের স্বার্থে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

