রাজধানী প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে দৈনিক আমার দেশ-এর নিজস্ব প্রেসের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও পাশের পানের দোকানি রিনা খানম আহত হয়েছেন। তাঁরা দুজনই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
রোববার রাত ১০টা ৪৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি আমার দেশ-এর প্রেসের সামনে এসে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। লাল টেপে মোড়ানো অন্য ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। দুর্বৃত্তদের শনাক্ত ও আটকের জন্য আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আমার দেশ-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রশাসন) মো. শহিদুর রহমান বলেন, প্রেসের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। এ বিষয়ে তাঁরা আইনি ব্যবস্থা নিচ্ছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে গেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

