ন্যাশনাল ডেস্ক:
সরকার গঠনের মাত্র ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী করার পর তার বর্তমান মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনকে কেন্দ্র করে এ আলোচনা আরও জোরালো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয় ও রাজনৈতিক অঙ্গনে মন্ত্রিসভায় সম্ভাব্য এই রদবদল নিয়ে আলোচনা শুরু হয়। তবে বিষয়টি নিয়ে এখনো মন্ত্রিপরিষদ বিভাগ বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণার পর তার বর্তমান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে দ্রুত পরিবর্তন আনার প্রয়োজন দেখা দিয়েছে।
আলোচনায় থাকা সম্ভাব্য রদবদল অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তার জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে।
এর ফলে মন্ত্রিসভার দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে একসঙ্গে পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে এ পরিবর্তনের প্রভাব মন্ত্রিসভার অন্যান্য দায়িত্ব পুনর্বণ্টনের ক্ষেত্রেও পড়তে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্রের দাবি, প্রশাসনিক কার্যক্রমে গতি বজায় রাখা, মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদার করা এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যেই সম্ভাব্য এই পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে আলোচনায় থাকা এসব পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে মন্ত্রিসভায় শেষ পর্যন্ত কোন কোন মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে, তা জানতে সরকারি সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সামনে রেখে মির্জা ফখরুলের দায়িত্ব পরিবর্তন এবং এর সূত্র ধরে মন্ত্রিসভায় সম্ভাব্য পুনর্বিন্যাস এখন রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

