ন্যাশনাল ডেস্ক:
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। শেষ সময় পর্যন্ত নির্বাচন কমিশনে (ইসি) মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে মনোনয়নপত্রের সংখ্যা তিনটি হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন দুজন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর ইসি কার্যালয়ের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা হয়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের নামে দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি মনোনয়নপত্র রয়েছে। ফলে প্রাথমিকভাবে রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন দুই প্রার্থী।
ইসি সচিব জানান, জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে আগামী ১৬ আগস্ট সকাল ১০টায়। যাচাই-বাছাই শেষে প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী পক্ষের ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমদ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং পরবর্তী নির্বাচনী প্রক্রিয়ার দিকেই নজর রাজনৈতিক মহলের।

