ন্যাশনাল ডেস্ক:
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসা সক্ষমতা আরও বাড়ল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৫ তলা ভবনটির তিনটি তলা রাখা হয়েছে বেজমেন্ট হিসেবে। এসব তলায় রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং বিভিন্ন সার্ভিস সেকশন। ভবনের বাকি ১২ তলায় স্থাপন করা হয়েছে রোগীদের চিকিৎসা ও সেবার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট।
নতুন ভবনে রয়েছে ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট। পাশাপাশি গুরুতর রোগীদের চিকিৎসায় ৪০টি আইসিইউ বেড, অস্ত্রোপচারের পরবর্তী পর্যায়ের রোগীদের জন্য ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিনের ব্যবস্থা রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিউরোসায়েন্সেসে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন স্ট্রোকে আক্রান্তরা। এরপর উল্লেখযোগ্য সংখ্যায় আসেন দুর্ঘটনায় মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগীরা।
এছাড়া পার্কিনসন্স, ডিমেনশিয়া, গিলিয়ান-ব্যারে সিনড্রোম (জিবিএস), মৃগী ও হাইড্রোকেফালাসসহ নানা ধরনের স্নায়বিক রোগের চিকিৎসাও দেওয়া হয় এখানে। শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সী রোগীর জন্যই রয়েছে নিউরোলজিক্যাল চিকিৎসাসেবা।
নতুন ৫০০ শয্যার ভবন চালুর ফলে হাসপাতালটির অবকাঠামোগত সক্ষমতা ও রোগীসেবার পরিসর আরও সম্প্রসারিত হলো। বিশেষ করে নিউরোলজিক্যাল রোগীদের চিকিৎসায় অতিরিক্ত শয্যা ও আধুনিক চিকিৎসা অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

