ন্যাশনাল ডেস্ক:
বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসে দেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, এ সময়ে নতজানু পররাষ্ট্রনীতির অবসান ঘটিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈদেশিক সম্পর্ক পরিচালনায় সরকার এখন ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করছে।
সোমবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত বিশেষ সভায় সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি বলেন, জনগণের বিশ্বাস, আস্থা ও সরকারের জবাবদিহিতাকে ভিত্তি করে দেশ পরিচালনার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।
মাহদী আমিনের ভাষ্য, সরকারের প্রথম ছয় মাসে জনগণের ব্যাপক সমর্থন দৃশ্যমান হয়েছে। প্রধানমন্ত্রীর বিভিন্ন গণসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেই জনসমর্থনের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।
সভায় সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা, মন্ত্রী ও প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা সভায় অংশ নেন।
সভায় সরকারের ছয় মাসের কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং পররাষ্ট্রনীতিসহ বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়।

