রাজনীতি ডেস্ক:
বেসরকারি স্কুলের এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণার বিধান বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পারওয়ার।
মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন গোলাম পারওয়ার।
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার বিধান সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এ বিধান বাতিল না হলে তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
গোলাম পারওয়ার বলেন, ‘দেশে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষক চাকরি করছেন। তাঁদের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে এ ধরনের বিধান বৈষম্যমূলক এবং সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী।’
তিনি নির্বাচন কমিশনের (ইসি) কাছে এ বিধান পুনর্বিবেচনা করে বাতিলের দাবি জানান।
এ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্যকে পদায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান জামায়াতের এই নেতা। ওই কর্মকর্তাকে পদ থেকে অপসারণের বিষয়ে সরকারকে অবহিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
গোলাম পারওয়ার বলেন, নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

