রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
রাজনীতি

সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে: নিপুণ রায়

রাজনীতি ডেস্ক:

ধর্ম-বর্ণনির্বিশেষে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

তিনি বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে। ধর্মীয় পরিচয় আলাদা হলেও দেশ সবার।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া দক্ষিণপাড়ায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও দুর্গামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মহালয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারেন এবং নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। সমাজে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

তিনি বলেন, সমাজের প্রান্তিক ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। আর্থিক সংকটের কারণে কেউ যেন ধর্মীয় উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন। পূজা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণের মতো উদ্যোগ মানুষের প্রতি সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বহিঃপ্রকাশ। সমাজের সব সম্প্রদায়ের মানুষের সমান সুযোগ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, প্রতিহিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন কোনো অন্যায় বা ষড়যন্ত্রের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ‘আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু দেশ এক। আমরা সবাই বাংলাদেশকে ধারণ করি। আমাদের সবার স্লোগান—সবার আগে বাংলাদেশ।’

এ সময় তিনি কেরানীগঞ্জে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি।

অনুষ্ঠানে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, সদস্যসচিব সামিউল্লাহ, ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য রায়হান মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581