রাজনীতি ডেস্ক:
গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের রাজনীতি করে ‘বারুদ বজ্রকণ্ঠ’ অর্জন করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, বিরোধী রাজনৈতিক চরিত্রের বক্তব্যে তেজস্বী ভাব থাকতে হয়। জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই তিন সংগঠনের মধ্যে এমন কোনো নেতা নেই বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, একজন নেতার কণ্ঠে এমন দৃঢ়তা ও তেজ থাকতে হয়, যা জনতার মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এ ধরনের বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। তাঁর দাবি, ‘গুপ্ত রাজনীতি’ করে এমন কণ্ঠ অর্জন করা সম্ভব নয়।
পোস্টে তিনি আরও লেখেন, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যে মগবাজার ও বাংলামোটর তছনছ হয়ে গেছে। বিরোধী রাজনীতিতে নুরের বক্তব্যে যে তেজ ছিল, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে পড়েছিল। তবে জামায়াত ও এনসিপির কথিত ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন তাঁর পোস্টে আরও দাবি করেন, নুরকে ক্ষেপানোর পরিণতি জামায়াত, শিবির ও এনসিপিকে ভোগ করতে হবে। নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে তাঁকে ভালোভাবে চেনেন উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, ‘ভিপি নুর মানেই একটা বারুদ।’
রাশেদ খাঁনের এই বক্তব্যে জামায়াত, শিবির ও এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে তাঁর সমালোচনা এবং নুরুল হক নুরের প্রতি সমর্থনের বিষয়টি উঠে এসেছে।

