নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে একটি পরিদর্শন কক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ ভবনে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধনের সময় স্থাপিত নামফলকে নীলফামারী-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম উল্লেখ করা হয়। তবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামের নাম না থাকায় তিনি এ বিষয়ে আপত্তি জানান। একপর্যায়ে বিষয়টি নিয়ে দুই সংসদ সদস্যের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
বিলকিস ইসলাম বলেন, “নামফলকে আমার নাম দেওয়া হয়নি কেন? যেহেতু আমরা দুজনই সংসদ সদস্য, সেখানে শুধু একজনের নাম থাকবে কেন?”
জবাবে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, পরিদর্শন কক্ষটি নির্বাচিত সংসদ সদস্যদের কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত। তিনি বলেন, “এখানে নির্বাচিত সংসদ সদস্যরা বসবেন ও কাজ করবেন। সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এ ধরনের কক্ষ নির্ধারণ করে দেওয়া হয়নি। অধিকার নিয়ে কথা বলতে হলে পরিপত্র অনুযায়ী কথা বলতে হবে।”
এ সময় বিলকিস ইসলাম তার সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, “আমার দলের লোকজন সহজ-সরল বলেই আমাকে হেয় করে কথা বলা যাবে না। এ বিষয়ে আমি সংসদে কথা বলব এবং আমার অধিকার আদায় করব।”
ঘটনার সময় উপস্থিত নেতাকর্মীদের অধিকাংশই নীরব থাকায় বিলকিস ইসলাম মনঃক্ষুণ্ণ হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে সৈয়দপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কার্জন এ সময় তার পক্ষে কথা বলেন বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম ও এম এ পারভেজ লিটন এবং সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

