ফরিদপুর প্রতিনিধি:
অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরের (কামরাঙ্গা) গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা রাতের আঁধারে বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফজলুর রহমান বাবু। এর আগে সোমবার রাতে বাড়িতে এসে চুরির বিষয়টি দেখতে পেয়ে তিনি পুলিশকে অবহিত করেন।
থানায় করা জিডি ও পরিবার সূত্রে জানা গেছে, ফজলুর রহমান বাবু পুরো পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তবে মাঝেমধ্যে ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরের ‘কামরাঙ্গা’ নামের নিজ বাড়িতে আসেন। প্রাচীরঘেরা বাড়িটিতে একটি দোতলা ভবন ও বাগান রয়েছে।
ফজলুর রহমান বাবু বলেন, ‘এটি আমার জন্মস্থান। মাঝেমধ্যে এখানে আসি। মাসে দুই-একবার আসা হয়। গত ২০ থেকে ২৫ দিন আগেও এসেছিলাম। দুই দিন থেকে আবার ঢাকায় চলে যাই। সোমবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা বেশ কিছু মালামালও নেই।’
তিনি বলেন, সম্প্রতি এলাকায় চোরের উপদ্রব বেড়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তাঁর দাবি, চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের অনেকেই মাদকাসক্ত এবং নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন বাড়িতে চুরি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক মো. মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

