ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা নগরীর বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
দিনের কর্মসূচির শুরুতে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পুলিশ সুপার কামরুল হাসান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মহাপরিচালক ফরিদ আহমেদ, স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় পরিচালক ড. মুহাম্মদ মফিজজুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (বিডিপি) উপমহাপরিচালক কামরুন নাহার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজীদ, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক হারুন-অর-রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, জেলা জামায়াতের আমির আব্দুল করিম এবং জুলাই শহীদ সাগরের বাবা আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
পরে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে দুপুরে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ও চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
একই সঙ্গে তারা জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করার দাবি জানান।

