ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে ও মন খুলে লিখতে পারছেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিস্টরা সংবাদপত্রের গলা টিপে ধরেছিল। গণমাধ্যম নিয়ন্ত্রণে তারা নানা ধরনের চেষ্টা ও কৌশল অবলম্বন করেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদরে বসুন্ধরা গ্রুপের দেওয়া জমিতে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, বিগত ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ন হয়েছিল। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর আওয়ামী লীগ টানা চার মেয়াদে ক্ষমতায় ছিল। এ সময়ে মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ৪৪ ধাপ পিছিয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার বিষয়টি দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করতে আইনি, প্রশাসনিক ও পরোক্ষ নানা ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী বলেন, ১৯৯৫ সালে বাঞ্ছারামপুরের কয়েকজন সংবাদকর্মী তাঁর মাধ্যমে প্রেস ক্লাবের জন্য জায়গা চেয়ে আবেদন করেছিলেন। তিনি আবেদনটি তৎকালীন চেয়ারম্যানের কাছে পাঠানোর পর ছয় শতক জায়গা কেনার জন্য সহায়তা করা হয়।
তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর পর হলেও ওই জায়গায় প্রেস ক্লাবের একটি ভবন হয়েছে। এর মধ্য দিয়ে জায়গাটির যথাযথ ব্যবহার হয়েছে এবং স্থানীয় সংবাদকর্মীদের একটি নতুন ঠিকানা তৈরি হয়েছে।
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামিম শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি এম এ খালেক পিএসসি, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুছা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, সাবেক ভিপি ও জেলা বিএনপির সদস্য নাজমুল হক, ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার।
এ ছাড়া সাংবাদিকতা ও গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মোল্লা।

