ফরিদপুর প্রতিনিধি:
খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সংঘর্ষে কাজী আশরাফ (৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মাহমুদুল হাসান অনিক আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের জামাতা সনি চৌধুরী জানান, সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে মনসুরাবাদ এলাকায় মোটরসাইকেলটি সড়কে স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে কাজী আশরাফ ও অনিক আহত হন। কাজী আশরাফের আঘাত ছিল গুরুতর।
পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কাজী আশরাফের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১২টার দিকে তিনি মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, সকালে মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এসআই সোহেল রানা আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কাজী আশরাফের মৃত্যুতে নড়াইলে কর্মরত সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সহকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

