রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার ও সরকারি গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী হাজিমারা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে উভয় পক্ষ পৃথক মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

হাজিমারা পুলিশ ফাঁড়ি ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সাল থেকে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দক্ষিণ চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান রাসেল ব্যাপারী ও আমির হোসেনের সঙ্গে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ মাঝি ও তাঁর অনুসারীদের বিরোধ চলে আসছে।

বৃহস্পতিবার বিকেলে হাজিমারা বাজারের ইজারাদার জাকির হোসেনের দোকানের সামনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রোপণ করা একটি নারিকেলগাছ থেকে রাসেল ব্যাপারীর ভাতিজা ডাব পাড়েন। এ সময় বিএনপি নেতা এরশাদ মাঝি ও তাঁর লোকজন এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের ১৭ জন আহত হন। আহতদের মধ্যে বিএনপি নেতা এরশাদ মাঝি, মহাসিন কবির, দাদন মাঝি ও মানিক মাঝি, যুবদল নেতা কবির হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সোহেল, বাবু, হানিফ, জাকির ও জহির রয়েছেন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাত, মুখ, পিঠ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের কয়েকজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বিএনপি নেতা এরশাদ মাঝির দাবি, হাজিমারা বাজারে সরকারি গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের কর্মী সোহেলের সঙ্গে তাঁর লোকজনের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। তবে পূর্ববিরোধের জেরে বিকেলে মিজানুর রহমান রাসেল ও আমির হোসেনের নেতৃত্বে সোহেল, বাবু, হানিফ, জাকির, জহির ও জামাল তাঁদের লোকজনের ওপর হামলা চালান। এ সময় রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে জখম করা হয় বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে দক্ষিণ চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান রাসেল ব্যাপারীর দাবি, ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপি নেতা এরশাদ মাঝির লোকজন তাঁর ওপর হামলার চেষ্টা করেন। পরে তাঁদের লোকজন মারধর করলে উভয় পক্ষের কয়েকজন আহত হন। তাঁদের পক্ষের লোকজনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, চরবংশী ইউনিয়নের হাজিমারা বাজারে হামলা ও সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো কোনো মামলা হয়নি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581