গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপনের প্রস্তুতি নিয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টায় গোয়ালন্দ ঘাট থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন রেজা, গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাধন কুমার সাহা, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র ঘোষসহ উপজেলার ২৬টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপজেলার ২৬টি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া প্রতিমা নির্মাণের শুরু থেকে পূজা উদযাপন এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রাখার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।

