নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী প্রায় ৪০০ দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে এসব বস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বস্ত্র তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সর্বজনীন আনন্দের উৎসব। সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই তারেক রহমানের পক্ষ থেকে এ মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ যেন একসঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সেটিই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু, জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
আয়োজকেরা জানান, অনুষ্ঠানে বদলগাছী উপজেলার প্রায় ৪০০ দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

