ন্যাশনাল ডেস্ক:
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হলেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ভোটের মাধ্যমে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। ফলে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের লড়াইয়ে যাচ্ছেন এই দুই রাজনৈতিক নেতা।
মঙ্গলবার বিকেল ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হয়। এরপর নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এর মধ্য দিয়ে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত হয়।
ইসি সচিব জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের আগেই নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ভোটের জন্য একই দিনে ব্যালট পেপার প্রস্তুত করা হবে। ব্যালট পেপারে থাকবে দুটি অংশ—মুড়ি অংশ এবং মূল ব্যালট অংশ। মুড়ি অংশে ভোটারের ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বরসহ প্রয়োজনীয় তথ্য থাকবে।
সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। এরপর মূল ব্যালট অংশে বর্ণানুক্রমে সাজানো প্রার্থীদের নামের পাশে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভোট শেষে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। পরে নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করা হবে। ইসি জানিয়েছে, এবার ব্যবহৃত ব্যালট পেপারে সাদা কাগজের ওপর কালো রঙে লেখা থাকবে।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী সদস্যসহ মোট আসন ৩৫০টি। তবে বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্যপদ আদালতের সিদ্ধান্তে বাতিল হওয়ায় এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে থাকছেন ৩৪৯ জন সংসদ সদস্য।
অর্থাৎ বৃহস্পতিবারের ভোটে ৩৪৯ সংসদ সদস্যের ভোটই নির্ধারণ করবে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মধ্যে কে বিজয়ী হচ্ছেন।

