ন্যাশনাল ডেস্ক:
চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আগামী ৯ আগস্ট জেলার তিনটি দুর্গত উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, এ সফরের তারিখ চূড়ান্ত হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্ধারিত সূচি অনুযায়ী চট্টগ্রাম সফর করবেন।
সরকারি সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। পাশাপাশি যেসব পরিবার বন্যায় ঘরবাড়ি হারিয়েছে, তাদের জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন আবাসনও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। পশ্চিম বাঁশখালী এলাকায় পুনর্নির্মাণ করা প্রায় ১০০টি ঘর ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে তুলে দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। এ উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য নতুন ঘর নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সফরের দিন তিনি ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দেওয়ার পাশাপাশি একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন।
প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন করতে নির্ধারিত স্থানে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণের কাজও চলছে। হেলিকপ্টারে অবতরণের পর তিনি সরাসরি দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে তাকে এবং দলের সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক সফরসূচি হাতে পাওয়ার পর সেই অনুযায়ী সার্বিক ব্যবস্থা সম্পন্ন করা হবে।

